রাঙ্গামাটি জেলা সদরের ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল এলাকা থেকে উদ্ধার করা প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে অজগরটি বনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালেই রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ফরেস্টার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বন কর্মীদের একটি দল অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে সাপটির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যাওয়া হয় এবং বনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
অজগরটি অবমুক্তকরণের সময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন