রাঙ্গামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনকালে হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মোঃ সৈয়দ আমিনুল হক (৫৩) নামে ৩৭ আনসার ব্যাটালিয়নের (মারিশ্যা) এক ল্যান্স নায়েক মারা গেছেন।
রবিবার (৪ অক্টোবর ২০২৬) মধ্যরাতে বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকায় অবস্থিত প্রস্তাবিত ব্যাটালিয়ন সদর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
মৃত আনসার সদস্যের রেজিস্ট্রি নম্বর ৩৩৩১০। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রৌহা (ডাকঘর: খুলশী) গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ল্যান্স নায়েক সৈয়দ আমিনুল হক মডেল টাউন ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। রাত ২টা থেকে তার ডিউটি শুরু হওয়ার কথা ছিল। ডিউটিতে থাকা পূর্বের সদস্য তাকে কক্ষ থেকে ডাকতে গেলে তিনি কোনো সাড়াশব্দ বা শ্বাস-প্রশ্বাস না থাকায় বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে সহকর্মীরা তাকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আনুমানিক ২০-২৫ মিনিট আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সহকর্মীদের নিকট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত আনসার সদস্য পূর্বে থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং এর আগেও দুইবার অসুস্থ হয়ে পড়েছিলেন।
আজ রোববার সকাল ১০টায় ৩৭ আনসার ব্যাটালিয়ন সদরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ মানিকগঞ্জে তার নিজ গ্রামে পরিবারের নিকট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন