রাঙ্গামাটির বাঘাইছড়িতে কিশোর গ্যাং দমন ও মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বাঘাইছড়ি থানার বিভিন্ন এলাকায় পরিচালনা করা অভিযানে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. শফিক, ২. রাকিব হোসেন ও ৩. ফজলু।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বদ্যকলোনি ও মাদ্রাসা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন