রাঙ্গামাটির লংগদু উপজেলার দুর্গম আটারকছড়া ইউনিয়নে একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি । এ সময় বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (৪ অক্টোবর) লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শন করেন জোন কমান্ডার।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন,দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও মনোবল বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন