রাঙামাটি জেলা শহরের বিভিন্ন রিসোর্ট ও রেস্টুরেন্টে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ (০৭ অক্টোবর, ২০২৬) পরিচালিত এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রিসোর্টকে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটন নগরী রাঙামাটি সদরের বিভিন্ন রিসোর্ট ও রেস্টুরেন্টে সেবার মান নিশ্চিতকরণ এবং ভেজাল প্রতিরোধে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান সেবার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন করছিল না। এছাড়া বাসি-পঁচা ও নিম্নমানের খাবার সংরক্ষণ এবং রান্নায় অননুমোদিত নকল মসলা ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়।
এ সকল অনিয়মের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫২ ধারা ভঙ্গের দায়ে ‘বার্গি রিসোর্ট’-কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আইনের ৩৯ ধারা ভঙ্গের অপরাধে ‘রেজাং রিসোর্ট’-কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তামজিদ রহমান।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, পর্যটক ও স্থানীয় ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সঠিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন