সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন মঠ ও মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
১৭ অক্টোবর (শনিবার) পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দিপন তালুকদার দিপুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি বলেন, “পার্বত্য অঞ্চলে সর্বস্তরের মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সরকার এবং স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।”
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জনাব দিপন তালুকদার দিপু বলেন, পূজা উদযাপনে কোনো ধরণের ঘাটতি যেন না থাকে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও মঠ-মন্দিরের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে সহায়তার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মন্তব্য করুন