খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাত পাহাড়ি মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লোগাং ইউনিয়নের রাঙাপানিছড়া ও বড়কোণা এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহৃত ব্যক্তিরা হলেন, সোনাবি বাপ, দিপায়ন চাকমা, নবিনে চাকমা, বিজয়গ্রী চাকমা, হেম রঞ্জন চাকমা, পুলক চাকমা ও হরেন ত্রিপুরা।
স্থানীয় সূত্রের দাবি, আইচুক ত্রিপুরা (অপু)’র নেতৃত্বাধীন ইউপিডিএফের একটি সশস্ত্র দল এ ঘটনার সঙ্গে জড়িত। প্রতিপক্ষ সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সোর্স সন্দেহে তাঁদের অপহরণ করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
এ ঘটনায় অপহৃতদের বর্তমান অবস্থান ও তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা অপহরণের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধ, আধিপত্য বিস্তার ও সশস্ত্র তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিভিন্ন সময়ে অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ স্থানীয় জনজীবনকে প্রভাবিত করছে। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি পরিবহন, পর্যটন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, সাত মোটরসাইকেল চালককে অপহরণের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পানছড়ি থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
সৌজন্যে: সাউথ ইস্ট এশিয়া জার্নাল
মন্তব্য করুন