“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা, মাদক ও কিশোর অপরাধসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের মধ্যকার সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দীপন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের বিজ্ঞ জি.পি. ও কমিউনিটি পুলিশিং-এর সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে রাঙ্গামাটির ১০টি উপজেলার নিজ নিজ থানার প্রতিনিধিত্বকারী অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশগ্রহণ করছে।
সমাবেশে বক্তারা বলেন, কাবাডি কেবল একটি ঐতিহ্যবাহী খেলাই নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চর্চাস্থল। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক ধারায় ধরে রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন