
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের এক সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে গুইমারা রিজিয়নের একটি সেনা টহল দল উপজেলার ধামাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম সবিমহন ত্রিপুরা (৩৮)। তিনি ইউপিডিএফের সশস্ত্র দলের সদস্য হিসেবে পরিচিত। অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ধামাইপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ইউপিডিএফের ব্যানারে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন, ধর্ষণ এবং চাঁদাবাজির অভিযোগ ছিল সবিমহনের বিরুদ্ধে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সেনা টহল দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ সবিমহন ত্রিপুরাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আশরাফুল মুন্না জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন