সম্প্রতি গঠিত ৩টি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ, পাহাড় থেকে সন্ত্রাস নির্মূল এবং বিতর্কিত পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ মৃধা ভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজমের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপি কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
এ সময় নেতারা জনসংহতি সমিতির (জেএসএস) বিবৃতিকে প্রতারণামূলক আখ্যা দিয়ে তার প্রতিবাদ জানান, শিশির চাকমার সংবাদ সম্মেলনকে ভূয়া ও জেএসএস-এর এজেন্ডা বাস্তবায়ন বলে প্রত্যাখ্যান করেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ব্যারিস্টার মীর হেলালকে স্বপদে বহাল রাখার দাবি জানান।
পিসিএনপি নেতারা আরও দাবি করেন, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফ-কে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা, পাহাড়ে সকল হত্যাকাণ্ডের বিচারে ‘লিগ্যাল টাস্কফোর্স’ গঠন, জেলা পরিষদে ন্যস্ত শিক্ষা ও স্বাস্থ্য বিভাগকে পুনরায় মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া, ১% উপজাতীয় কোটার বদলে সকল জনগোষ্ঠীর জন্য “অনগ্রসর কোটা” চালু, জনসংখ্যা অনুযায়ী সব জাতির সমান প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বিদেশি এনজিওগুলোর কাজ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করতে হবে।
সংবাদ সম্মেলনে পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, মহিলা পরিষদের মোরশেদা আক্তার, যুব পরিষদের নুর হোসেন, পিসিসিপির তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেনসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন