উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে দীঘিনালা ফুটবল দলকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু জোন ফুটবল দল। গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর শিরোপা নিশ্চিত করে লংগদু জোন।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লংগদু জোনের উদ্যোগে বিজয়ী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ খেলোয়াড়দের অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। একই সঙ্গে ক্রীড়া আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, স্থানীয় তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করা সম্ভব।
লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের মাধ্যমে লংগদুর স্থানীয় তরুণেরা খেলাধুলায় আরও বেশি সুযোগ পাবেন। এতে এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।অনুষ্ঠানের শেষে তিনি ‘লংগদু জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন