রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ। জেলায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এই বিশেষ অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, চুরি, মাদক ব্যবসা ও মাদক সেবনের অপরাধে সাতজনকে গ্রেফতার এবং দুই কিশোরকে আটক করা হয়।
রবিবার (০৪ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ (৩১), মোঃ ইব্রাহিম খলিল (২৩) এবং মোঃ হৃদয় (২৪)-কে গ্রেফতার করা হয়েছে। চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে মোঃ রাকিব (২০)-কে।
এছাড়া মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ (২০) এবং মাদক সেবনের অপরাধে জেকিসন তংচঙ্গা (২৯) ও পবিত্র চাকমা (২৭)। ৯৯৯-এ নিজের স্ত্রীর দেওয়া সংবাদের ভিত্তিতে মোঃ ইউসুফ (২৬) নামের এক মাদকসেবীকে এবং মাদক সেবনের সন্দেহে জাহিদ আলম (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশ।
অভিযান শেষে আটককৃত দুই কিশোরের পিতামাতার আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অপর আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে। জেলা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন