সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাঙ্গামাটি সদর ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, “‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসচ্ছল পরিবারগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সহজে গ্রহণ করতে পারবে।”
তিনি আরও বলেন, “এই মহতী উদ্যোগের সফল বাস্তবায়ন নির্ভর করছে মাঠ পর্যায়ের সঠিক তথ্য সংগ্রহের ওপর। তাই তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। কোনোভাবেই যেন প্রকৃত দরিদ্র পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।” একই সাথে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিটি সেশন মনোযোগ দিয়ে গ্রহণ করে মাঠে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক সুবিমল চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শ্বাশত চাকমা রিংকু, সদস্য নন্দিতা দাশ এবং সদস্য সুবর্ণ দেব বর্মণসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেকোনো ধরনের অবহেলা বা অনিয়মের বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্যসংগ্রহকারী ও কর্মশালার অংশ গ্রহণকারীদের মাঝে ডিজিটাল তথ্য সংগ্রহের সুবিধার্থে ‘ট্যাব’ বিতরণ করা হয়।উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং নানিয়ারচর উপজেলার মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নিচ্ছেন।
মন্তব্য করুন