জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবিতে রাঙামাটি শহরের তবলছড়ি-আসামবসতি সংযোগ সড়ক অবরোধ করেছেন স্থানীয় সিএনজি অটোরিকশাচালকরা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং এতে যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ তাঁদের।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সড়কের আসামবসতি অংশে যানবাহন আড়াআড়ি রেখে অবস্থান নেন চালকরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে সংস্কারের দাবিতে প্রতিবাদ জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তবলছড়ি-আসামবসতি সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চালকদের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন।
সিএনজি অটোরিকশাচালক মো. রাজিব বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পেলে আমরা অবরোধ প্রত্যাহার করব না।”
এদিকে, অবরোধের কারণে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে কাপ্তাই-আসামবসতি সড়কসহ আশপাশের বিভিন্ন রুটে চলাচলকারী সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
মন্তব্য করুন