দেবী দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধনের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলায় মোট ৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে সার্বজনীন, আনন্দমুখর ও নিরাপদ করতে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
কাপ্তাই পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ জানান, এ বছর কাপ্তাই উপজেলায় ৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে কর্ণফুলী নদীতে নৌ র্যালির আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছেন। মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গোৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা ও অন্যান্য আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।
মন্তব্য করুন