রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় আসামীদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল, গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গতকাল ১৯ অক্টোবর (সোমবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে অবৈধ অস্ত্রধারী, মাদকসেবী, মাদক কারবারি, চোর, যৌতুক ও নারী নির্যাতনকারী এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী অপরাধীদের গ্রেফতার করা হয়।
এসময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি অবৈধ পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেফতার হন লক্ষী চন্দ্র চাকমা ওরফে নিধান চাকমা (৩৪) ও অমর জ্যোতি চাকমা (৪৫)। মাদকসেবী হিসেবে মোঃ হাসান (১৯) এবং মাদক কারবারি হিসেবে মোঃ রুবেল (২৪)-কে গ্রেফতার করা হয়েছে। চুরির অপরাধে গ্রেফতার হয়েছেন মোঃ রায়হান (২০) ও মোঃ শাকিল হাওলাদার (২৭)।যৌতুক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ রিমন আহমেদ দিপু (৩৬)।অপরাধমূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হয়েছেন মোঃ জসিম উদ্দিন (৫৭)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন