রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি বাজারের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাষ্টমীর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তিনি সপরিবারে পূজামণ্ডপে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপন কান্তি দে এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী। এ সময় বক্তব্য দেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমাণ গনি, বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।
বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর জোন অধিনায়ক
পরে রুবেল বড়ুয়া ও সুমি চক্রবর্তীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জোন অধিনায়ক পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে উপহার হিসেবে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের সহ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, মেজর মো. সাকিব হাসান, লেফটেন্যান্ট রাইদ মাহমুদ আদিল, ক্যাপ্টেন মো. খালিদ হোসেন, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ এবং ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ ছাড়া সেনাবাহিনী ও পুলিশের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং পাহাড়ি-বাঙালি বিভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্য করুন