বান্দরবানের আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী দুটি পিকআপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চালক ও ১১ জন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রভাত কারবারিপাড়াসংলগ্ন সড়কের ৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয়রা জানায়, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ব্যানারে দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপ নিয়ে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল থেকে আলীকদম হয়ে থানচি উপজেলায় শিক্ষা সফরে যান। সফর শেষে থানচি থেকে ফেরার পথে আলীকদম-থানচি সড়কের ইসিবি চেকপোস্ট অতিক্রম করার পর ৯ কিলোমিটার এলাকায় পৌঁছালে একই দলের একটি পিকআপ অপর একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর সফরসঙ্গীরা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পর্যটক দলের অন্য সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
আলীকদম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, দুর্ঘটনার শিকার পর্যটকেরা প্রায় ১৫০ জনের একটি দলের সদস্য ছিলেন। তারা শিক্ষা সফরে থানচি গিয়েছিলেন।
ফেরার পথে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে ওভারটেক করতে গিয়ে দুটি পিকআপের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন