নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে র্যালি ও ইউএনও এর অফিস কক্ষে এই আলোচনা সভা করা হয়।
সভায় ইউএনও নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী বলেন, এডিস মশার প্রজননস্থল শনাক্ত করতে বিভিন্ন বাড়িতে অনুসন্ধান চালিয়ে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। বিশেষ করে বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকা ও নানিয়ারচর সদর ইউনিয়নের বাজার এলাকার বেশ কয়েকটি বাড়িতে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া গেছে।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইসলামপুর এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বাড়ির আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এবং নোংরা পানি বা প্রবাহমান পানির চেয়ে মূলত জমে থাকা পানিই এডিস মশার প্রজননের জন্য ঝুঁকিপূর্ণ। কোনো পাত্রে পানি জমে থাকলে তা তিন দিনের বেশি রাখা যাবে না। সম্ভব হলে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে।
এছাড়া ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা, রাতে নিয়মিত মশারি ব্যবহার করা এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।
মন্তব্য করুন