পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত চার সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এতে দুই সম্প্রদায়ের ১৬ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করেন।
সোমবার (২৬ অক্টোবর) নানিয়ারচর জোন সদরে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। গত ৪ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের সেলাইয়ের বিভিন্ন কৌশল ও প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়।
প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় সেলাই সরঞ্জাম সরবরাহ করা হয়। পাশাপাশি জোনের পক্ষ থেকে দেওয়া সেলাই মেশিন ব্যবহার করে তাঁরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেদের ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীরা নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
নানিয়ারচর জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের নারীদের দক্ষ, কর্মঠ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন