রাঙামাটির নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানিয়ারচর সদর বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেন। এ ছাড়া পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঘিলাছড়ি ইউনিয়নে গত দুই সপ্তাহ ধরে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার সমস্যা, নানিয়ারচর লঞ্চঘাট এলাকা বিভিন্ন মহল ঘর বেধে ও ইট বেচাবিক্রিতে ইট রাখে লঞ্চঘাটের জায়গা দখলের কারণে নৌযান ভেড়াতে ভোগান্তি, মাদক নির্মূল এবং অবৈধ করাতকল বন্ধসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন