রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭১৯ কেজি (৪৪ বস্তা) চোরাই বাংলাদেশী রসুন, একটি চাঁদের গাড়ি ও দুই চোরাকারবারীকে আটক করেছে।২৬ অক্টোবর ২০২৬ তারিখ রাতে কচুছড়ি চেকপোষ্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
২৭ বিজিবি সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়ক ব্যবহার করে একটি চাঁদের গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতে চোরাচালানের উদ্দেশ্যে রসুন পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশ ও উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কচুছড়ি চেকপোষ্ট এলাকায় ফাঁদ পাতে।
পরবর্তীতে সন্দেহভাজন চাঁদের গাড়িটি (চট্টগ্রাম-খ-৩৯৬৩) চেকপোষ্টে থামিয়ে তল্লাশি চালিয়ে ৪৪ বস্তা রসুন জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত দুই আসামিকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন: বিনয় চাকমা (২৫), পিতা-রঞ্জিত কুমার চাকমা এবং রিপন চাকমা (১৯), পিতা-প্রবাত চন্দ্র চাকমা।উভয়ের বাড়ি রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার ভূইয়াছড়া এলাকায়।
জব্দকৃত ১,৭১৯ কেজি রসুন ও চাঁদের গাড়ির সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। আটককৃত রসুন ও গাড়িহ আসামিদের বিরুদ্ধে ২৭ অক্টোবর বাঘাইছড়ি থানায় মামলা (মামলা নং-০৬) দায়েরপূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পন্থায় তৎপরতা চালানোর চেষ্টা করলেও তা দমনে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন