সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) দল সমর্থিত ‘সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’।
ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি। এতে বলা হয়, ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর ৩ দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হওয়ায় এবং শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করায় আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও সাজেকে সড়ক অবরোধ পালন করা হবে।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন। এর আগে গত রোববার অনিদিষ্টকালের সড়ক অবরোধ ডেকে প্রায় সাড়ে ১১ ঘণ্টার প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃদ্বয় বিবৃতিতে উল্লেখ করেন।
মন্তব্য করুন