রাঙামাটির লংগদুতে অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ মো. শাহিন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ অক্টোবর) উপজেলার গুলশাখালী বাজারের পশ্চিম পাশে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুলশাখালী বাজারের পশ্চিম পাশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে জানতে পারে বিজিবি। পরে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসির নির্দেশনায় নায়েব সুবেদার মো. তাহাজ্জেদ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শাহিন মিয়াকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৫০০ টাকা মূল্যের পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক শাহিন মিয়া লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুর রহমান।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।আটক ব্যক্তিকে জব্দ করা ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন