রাঙ্গামাটির সাজেকগামী সীমান্ত সড়কে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্য ও পরিবহন কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্র গাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
গতকাল ২০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকায় ২৭ বিজিবির অধীনস্থ উদয়পুর বিওপির সীমান্ত সড়ক চেকপোস্টে কর্তব্যরত নায়েক মোঃ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি আভিযানিক দল সতর্ক অবস্থান নেয়। এ সময় উদয়পুর বাজার থেকে সাজেকগামী একটি নম্বরবিহীন মাহিন্দ্র গাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন: মোঃ বেলাল হোসেন (২৯), পিতা: নুরুল আজিম, গ্রাম: জামতলী।সেকেন্দার আলী (২৮), পিতা: সুরুজ আলী, গ্রাম: উত্তর রসিক নগর(উভয়ের পোস্ট ও থানা: দীঘিনালা, জেলা: খাগড়াছড়ি)
জব্দকৃত মালামাল ও যানবাহন-ভারতীয় ‘Kool’ জুস – ৪৭৭ পিস,ভারতীয় ‘Peanut Candy’ চকলেট – ১৭৮ প্যাকেট,ভারতীয় তেঁতুল সাবান – ০৭ পিস,নম্বরবিহীন মাহিন্দ্রা গাড়ি – ০১টি।
উদ্ধারকৃত মালামাল ও আটককৃত গাড়ির সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৩,৭৯,৬১৬/- (তিন লক্ষ ঊনআশি হাজার ছয়শত ষোল) টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, “মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন