রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় আজ ১৯ অক্টোবর ২০২৬ তারিখ ১২৩০ ঘটিকায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে বাঘাইহাট জোনের এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট মোঃ জোবায়ের আল মাহমুদ উপস্থিত থেকে স্থানীয় জনগণের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য সকলকে আহ্বান জানান।
গাছের চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন