পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ অক্টোবর ) কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করে।
মেডিকেল ক্যাম্পেইনে আগত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ প্রদান, বিভিন্ন সাধারণ স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। এছাড়া নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা, পুষ্টি এবং রোগ প্রতিরোধ বিষয়ে উপস্থিত জনগণকে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।
স্থানীয় দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন