রাঙামাটির লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছকে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনটির বিভিন্ন ইউনিয়নের নেতারা।শনিবার (১০ অক্টোবর) বেলা ২টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, সৈয়দ ইউনুছ দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত। তিনি নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ, হুমকি প্রদান এবং দলের নীতি-আদর্শবিরোধী বক্তব্য দিয়ে আসছেন বলেও দাবি করেন তাঁরা।
নেতাদের অভিযোগ, বিভিন্ন ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বারবার তাগিদ দেওয়া হলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং কমিটি গঠনের আশ্বাস দিয়ে অর্থ নেওয়া, নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগের পক্ষে প্রমাণ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ ছাড়া লংগদু সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদকে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা সৈয়দ ইউনুছের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁকে লংগদু উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর আলম, লংগদু সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব এবং ৬৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন