রাঙামাটির লংগদুতে বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত বিনা মূল্যের কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে উত্তীর্ণ ৪৮ জনের মধ্যে সনদপত্র এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেওয়া ১২ জনের মধ্যে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় জোনের জেডএসও মেজর মো. ইমরুল কায়েস, পিএসসিও উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার তরুণ-তরুণীদের দক্ষ করে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এতে কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল মেরামত, মেকানিক্যাল ও মেরামত এবং প্রাথমিক চিকিৎসা এই চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদী। এ ধরনের উদ্যোগ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন