সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে স্থানীয় পাহাড়ি জনসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) সকাল ১০:০০ টা থেকে ১০:৪৫ টা পর্যন্ত বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) আওতাধীন জুপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর সার্বিক নির্দেশনায় জুপুই বিওপি কমান্ডার স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের নিয়ে উক্ত সভার আয়োজন ও পরিচালনা করেন।
সভায় সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, সীমান্ত হত্যা রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন আইনি ও নিরাপত্তামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিওপি কমান্ডার সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর অনুরোধ করেন।
উক্ত সচেতনতামূলক সভায় স্থানীয় কারবারি, পাহাড়ি নেতৃবৃন্দ এবং সাধারণ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিজিবির এই সময়োপযোগী ও নিরাপত্তামূলক উদ্যোগকে স্থানীয় পাহাড়ি জনসাধারণ সাধুবাদ জানান এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্তব্য করুন