রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ গঙ্গারাম (উজো বাজার) এলাকায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে গঙ্গারাম বাজার এলাকায় এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ ও আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এ সেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবা কার্যক্রমে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব উপস্থিত রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাঘাইহাট জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকার এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয়, বঙ্গলতলী ও দক্ষিণ হাগলাছড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম (উজো বাজার) এলাকায় স্থানীয় বাসিন্দাদের জন্য এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি- বাঙালি জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন