রাঙ্গুনিয়া থেকে একটি লজ্জাবতী বানর বা বেঙ্গল স্লো লরিস বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করে বন বিভাগ। পরে উদ্ধার করা লজ্জাবতী বানরটি ওইদিন বিকেলে বিকেলে শারীরিক পরীক্ষা শেষে সুস্থ অবস্থায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙ্গুনিয়া রেঞ্জের আওতাধীন আলম শাহ পাড়া ও লালানগর এলাকায় অভিযান চালায়। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান সহ বন কর্মীরা অভিযান চালিয়ে এসময় একটি বেঙ্গল স্লো লরিস উদ্ধার করে।
উদ্ধারের পর প্রাণীটির শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সেটি সুস্থ বলে নিশ্চিত হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানার পরামর্শে প্রাণীটিকে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান ও ফরেস্টার মেহেদী হাসান রনির উপস্থিতিতে বেঙ্গল স্লো লরিসটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী পাওয়া গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে বন বিভাগকে খবর দেওয়া উচিত।
মন্তব্য করুন