দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ট সহ আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা প্রমুখ।
সমাবেশে বক্তারা কাপ্তাই উপজেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, “কাপ্তাইয়ের মাটিতে কোনো ধরনের ফ্যাসিস্ট শক্তি কিংবা তাদের গুপ্ত অপতৎপরতা বরদাস্ত করা হবে না। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি, অঙ্গ ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ জনসাধারণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কাপ্তাই উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন