কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ৮৩ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট, একটি ডাম্পার ট্রাক জব্দ সহ জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করা হয়।
বুধবার (৭ অক্টোবর) ভোরে কাপ্তাই সড়ক সংলগ্ন ইকোপার্কের পাশের সড়কে এই অভিযান পরিচালিত হয়। কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোর আনুমানিক ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের দিক-নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল রাঙ্গুনিয়া উপজেলাধীন ইকোপার্ক সংলগ্ন পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭শ’ ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১হাজার ৮শ’ প্যাকেট অরিস (Oris) সিগারেট সহ সর্বমোট ১৮ হাজার ৮শ’ ৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৩ লাখ ৩ হসজার ৪শ’ টাকা।
এবিষয়ে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিজিবির অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশীয় অর্থনীতি রক্ষায় এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আটককৃত দুই ব্যাক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন