রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দোভাষী বাজারের একটি জুয়েলারি দোকান উদ্ধার করা ১৪ ফুট লম্বা এবং ১৫ কেজি ওজনের অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত সোমবার(১২ অক্টোবর) রাত প্রায় ১১টার সময় অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় রাঙ্গুনীয়া উপজেলাধীন দোভাষী বাজারের “সন্ধ্যা জুয়েলার্স” নামের স্বর্ণের দোকানের দরজার উপর বিশাল অজগর সাপটি দেখতে পাওয়া যায়। সাপটি দেখে আশপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে। দোকান মালিক রাজীব ধর জানান, দোকানের পেছনেই কর্ণফুলী নদী। তবে সাপটি কখন কিভাবে তাঁর দোকানে প্রবেশ করেছে, তা কেউ জানেন না।পরে স্থানীয় লোকজন সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের নিকট হস্তান্তর করেন। এরপর একইদিন রাত প্রায় ১১ টার সময় অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
কাপ্তাই সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান, কাপ্তাই রেঞ্জের নবাগত কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে অজগরটি জাতীয় উদ্যানের আওতাধীন রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, সাপটি লম্বায় ১৪ ফুট এবং এর ওজন প্রায় ১৫ কেজি।
মন্তব্য করুন