আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ জেলেপাড়ায় অবস্থিত শ্রী শ্রী শিব মন্দির পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মন্দির পরিদর্শনকালে জোন কমান্ডার পূজার প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় মন্দির পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য মন্দির পরিচালনা কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন